ইত্তেফাক রিপোর্ট
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর বাংলাদেশ ইউরোপের বাজারে শুল্কমুক্ত সুবিধা হারাতে পারে। এটি বাংলাদেশের জন্য ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ তৈরি করবে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপে বাংলাদেশের শীর্ষ রপ্তানি গন্তব্য জার্মানিকে পাশে চেয়েছে বাংলাদেশ। অর্থাত্ ইবিএর (অস্ত্র বাদে সব পণ্য) আওতায় দেশটিতে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) আয়োজিত এক অনলাইন সেমিনারে এ আহ্বান জানান বিশেষজ্ঞরা।
বিজিসিসিআই সভাপতি ওমর সাদাতের সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আলোচনায় অংশ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী সময়ে জার্মানিকে পাশে চাই। ঐ সময়টা আমাদের জন্য কঠিন।
এছাড়া বাংলাদেশে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জার্মানির বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বানও জানান তিনি। বাংলাদেশে ১ হাজার ৮৭০ কোটি মার্কিন ডলারের বৈদেশিক বিনিয়োগের মধ্যে জার্মানির বিনিয়োগের পরিমাণ ১৯৩ কোটি ডলার।
