ইত্তেফাক রিপোর্ট
ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই সময়কালে মাত্র পাঁচ দিন লেনদেন হয়েছে ২ হাজার কোটি টাকা করে। এক দিন লেনদেন হয়েছে আড়াই হাজার কোটি টাকার বেশি, যা ২০১০ সালের পর সর্বোচ্চ। তবে গত ১০ কার্যদিবসে বাজার অনেকটাই গতিহীন হয়েছে। এক মাস পর গত বুধ ও বৃহস্পতিবার প্রথমবারের মতো লেনদেন নেমেছে ১ হাজার কোটি টাকার নিচে। ২০১০ সালে পুঁজিবাজারের মহাধসের এক দশক পর পুঁজিবাজারে সাম্প্রতিক উত্থান ও লেনদেনে যে গতি এসেছে, তাকে আরো এগিয়ে নিয়ে যেতে চায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটির কমিশনার শামসুদ্দিন আহমেদ বলেছেন, পুঁজিবাজারে দৈনিক লেনদেন তারা ৩ হাজার কোটি টাকার ঘরে নিয়ে যেতে চান। গতকাল শনিবার পুঁজিবাজার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘টেকসই পুঁজিবাজার গঠনে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক কর্মশালাটি গাজীপুরের রাজেন্দ্রপুরের ব্র্যাক সিডিএমএতে অনুষ্ঠিত হয়।
