কাদের মির্জাকে শান্ত থাকতে বললেন ওবায়দুল কাদের

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২২:৩১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত্ করেছেন তার ছোট ভাই আবদুল কাদের মির্জা। এ সময় ওবায়দুল কাদের তার ভাইকে শান্ত থাকতে বলেছেন। সাম্প্রতিক সময়ে বেশ কিছু বক্তব্য দিয়ে কাদের মির্জা আলোচনায় আসেন। গতকাল শনিবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের এ সাক্ষাত্ হয়। সাক্ষাতের পর কাদের মির্জা সাংবাদিকদের এ কথা জানান। 

কাদের মির্জা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র। নির্বাচন চলাকালে তার বক্তব্যে আওয়ামী লীগের ভেতরে বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠে। এ প্রেক্ষাপটে কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার বড় ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত্ করেন।

সাক্ষাতের পর কাদের মির্জার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা ছিল সৌজন্য সাক্ষাত্। নির্বাচনের পর দেখা হয়নি, তাই দেখা করতে এসেছিলাম। সাংগঠনিক বিষয় নিয়ে কথা হয়েছে।                  আমরা কিছু কমিটি পুনর্গঠন করেছি, সেগুলো তাকে (সাধারণ সম্পাদক) জানিয়েছি। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ঐ নির্বাচনও যাতে সুষ্ঠু হয় সে বিষয়ে কথা হয়েছে। 

নির্বাচনের সময় তিনি যে বক্তব্য দিয়েছিলেন সে বিষয়ে ওবায়দুল কাদের কিছু বলেছেন কি না, জানতে চাওয়া হলে কাদের মির্জা বলেন, এসব বিষয়ে কোনো কথা হয়নি। তবে তিনি (ওবায়দুল কাদের) শান্ত থাকতে বলেছেন। নেতারা যেসব আচরণ করেছেন, বক্তব্য দিয়েছেন সে বিষয়ে নেত্রী (আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা) দেখছেন বলেও সাধারণ সম্পাদক জানিয়েছেন।

আবদুল কাদের মির্জা আরো বলেন, ‘দলীয় হাইকমান্ডের নির্দেশে আমার সব কর্মসূচি স্থগিত করেছি। আমাদের নেতা ওবায়দুল কাদের বলেছেন, আমাদের ঐক্যবদ্ধ থাকার জন্য। নোয়াখালীর অপরাজনীতির বিষয়ে আমাদের নেত্রী শেখ হাসিনার কাছে অভিযোগ আছে। তিনি যাচাইবাছাই করে ব্যবস্থা নেবেন।’ তিনি বলেন, ‘আগামী এক মাসের মধ্যে নোয়াখালীর অপরাজনীতি যদি বন্ধ না হয়, টেন্ডারবাজি, প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে রাজনীতি ও অস্ত্রবাজি বন্ধ না হলে প্রেস ক্লাবে আপনাদের জানাব।’ তিনি আরো বলেন, ‘আমি সাহস করে সত্য বলব। অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমি বলবই। আমি চাই, পরবর্তী নির্বাচনগুলো যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। আগের কিছু নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। আজ চৌমুহনীতে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে ফেনী ও হাতিয়ার নির্বাচন সুষ্ঠু হয়নি।’