সড়কে ঝরলো সাত প্রাণ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২২:৩৩

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। গত শুক্রবার ও গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

গাজীপুর :দাঁড়িয়ে থাকা পিকআপের সঙ্গে ট্রাকের ধাক্কায় মেহেদী হাসান (১২) নামে একজন নিহত হয়েছেন। গতকাল সিটি করপোরেশনের পোড়াবাড়ী বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মেহেদী মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা চৌরাস্তা এলাকার শরিফের বাড়ির ভাড়াটিয়া এবং শেরপুরের ঝিনাইগাতী থানার বারুয়া বাজার জারুলতলা গ্রামের জুলহাস আকন্দের ছেলে।

কালিয়াকৈর (গাজীপুর) :কালিয়াকৈরে পৃথক ট্রাকের ধাক্কায় শামীম হোসেন (৩৬) ও রাসেল হোসেন (২৫) নামে দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। গতকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পল্লি বিদ্যুত্ জোড়াপাম্প ও বোয়ালী চা-বাগান সড়কের বোয়ালী এলাকায় এ দুর্ঘটনা  ঘটে। রাসেল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ডাপলাপাড়া গ্রামের মৃত আরজু মিয়ার পুত্র।

মাদারীপুর :বিদ্যুতের খুঁটিভর্তি একটি ট্রলির চাকা পাংচার হয়ে এর নিচে পড়ে রঞ্জু (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সদর উপজেলার মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রঞ্জুর বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী গ্রামে।

মুক্তাগাছা (ময়মনসিংহ) : ট্রাক চাপায় জহিরুল ইসলাম (৩৭) নামে একজন নিহত হয়েছেন। গতকাল ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার নিমুরিয়া ভাঙা ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার ৮ নম্বর দাওগাঁও ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা।

রাউজান (চট্টগ্রাম) : রাউজানে মোটরসাইকেলের ধাক্কায় নুর মোহাম্মদ (৬৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত শুক্রবার চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পিংক সিটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নুর মোহাম্মদ রাউজান সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) :সোনারগাঁওয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাহফুজ (১২) নামে এক সাইকেল আরোহী শিশুশ্রমিক নিহত হয়েছেন। গতকাল উপজেলার জামপুরের মরিচটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা চালকসহ কাভার্ড ভ্যানটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। মাহফুজ সুনামগঞ্জ জেলার শাল্লা থানার সুলতানপুর গ্রামের আব্দুল সামাদের ছেলে।