আগামী ৭ ফেব্রুয়ারি করোনাবিরোধী লড়াইয়ে নতুন ধাপে প্রবেশ করছে বাংলাদেশ। এদিন সারা দেশে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। আর এই লক্ষ্যে এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে গেছে ভ্যাকসিন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, গতকাল পর্যন্ত ৩৬ জেলায় করোনার ভ্যাকসিন পৌঁছে গেছে। পর্যায়ক্রমে সব জেলায় পৌঁছে যাবে। টঙ্গীর বেক্সিমকোর ওয়ার হাউজ থেকে এ টিকা পৌঁছে দেওয়া হচ্ছে জেলায় জেলায়। বেক্সিমকো ফার্মাই এ টিকা পৌঁছে দিচ্ছে। টিকাগুলো নির্বিঘ্নে পৌঁছে দিতে সহায়তা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল দুপুর সাড়ে ১২টায় কড়া পুলিশি নিরাপত্তায় ফ্রিজিং ভ্যানে করে ছয়টি কার্টনে ৭২ হাজার ডোজ ভ্যাকসিন হবিগঞ্জে গেছে। ভ্যাকসিনগুলো ইপিআই সেন্টারের আয়লারের মধ্যে সঠিক তাপমাত্রা দিয়ে সংরক্ষণ করা হয়েছে। মাগুরায় ২৪ হাজার ডোজ করোনা ভ্যাকসিন পৌঁছেছে। বৃহস্পতিবার রাতে একটি ফ্রিজআপ ভ্যানযোগে ঢাকা থেকে কড়া পুলিশ পাহারায় ভ্যাকসিনগুলো রাজশাহীতে নিয়ে যাওয়া হয়। করোনা প্রতিষেধক হিসেবে ফরিদপুরে ভ্যাকসিনের ৬০ হাজার ডোজ পৌঁছেছে। চাঁপাইনবাবগঞ্জে করোনার ৪ হাজার ৮০০ ভায়াল ভ্যাকসিন পৌঁছেছে। গোপালগঞ্জে বৃহস্পতিবার ৩৬ হাজার ডোজ করোনা ভাইরাস টিকা পৌঁছেছে। নওগাঁয় ৮৪ হাজার ৪০০ ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন গেছে।
