ঘুষ কেলেঙ্কারির দায়ে চায়না হুয়ারং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সাবেক চেয়ারম্যান লাই শিয়াওমিনের ফাঁসি কার্যকর হয়েছে। তিয়ানজিনের একটি আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে চীনা সংবাদমাধ্যমের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে।
সাম্প্রতিক কালে এটিই চীনের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা। লাই শিয়াওমিনের বিরুদ্ধে ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ২৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ ঘুষ হিসেবে গ্রহণ বা ঘুষ নেওয়ার চেষ্টা প্রমাণিত হয়েছে। গত ৫ জানুয়ারি তিয়ানজিনের সেকেন্ডারি ইন্টারমিডিয়েট পিপলস আদালত তাকে ফাঁসির আদেশ দেয়। এছাড়া দুর্নীতি ও বহু বিবাহের অভিযোগেও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের এক ঘোষণায় বলা হয়েছে, লাই তার অপকর্মের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছিল এবং মৃত্যুদণ্ডই তার প্রাপ্য ছিল। সাধারণত চীনে মৃত্যুদণ্ডের রায় দুই বছরের জন্য স্থগিত থাকে। কোনো কোনো ক্ষেত্রে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। কোনো ধরনের আপিলের সুযোগ ছাড়া মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা চীনে সাম্প্রতিক কালে দেখা যায়নি।
হুয়ারং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নামে রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠানটি ১৯৯০ সালে গঠন করা হয়। লাইয়ের বিরুদ্ধে চীনা শাসক দল কমিউনিস্ট পার্টির দুর্নীতিবিরোধী সংস্থা ২০১৮ সাল থেকে অনুসন্ধান চালায় এবং সে বছর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। উল্লেখ্য, প্রেসিডেন্ট শি জিনপিং দায়িত্ব নেওয়ার পরই চীনে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করে। এরপর থেকে কয়েক শ কর্মকর্তার বিচার হয়েছে।
