জেলার শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ ওরফে জাবেদ (২৫) নামের এক জনকে আটক করেছে। ঐ নারী বাদী হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। গত শুক্রবার রাতে সিলেট থেকে ছেড়ে আসা সুরমা মেইলে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ঐ ট্রেনে থাকা একাধিক ব্যক্তি। আটককৃত জাহিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জঙ্গলবাড়ী গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, ট্রেনটি কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে প্রবেশ করার সময় জাহিদ ঐ নারীকে জেনারেটর রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এক পর্যায়ে ঐ নারী চিত্কার করলে যাত্রীরা জাহিদকে আটক করে রাখেন। পরে ট্রেন শ্রীমঙ্গলে থামলে তাকে শ্রীমঙ্গল রেল পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন। তিনি জানান, মামলাটি তদন্তাধীন আছে। ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা অতিক্রমকালে মেয়েটি টয়লেটে যাওয়ার সময় ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ তাকে জোর করে পাশের একটি অন্ধকার কমপার্টমেন্টে নিয়ে ধর্ষণ করেন। এরপর ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে এসে পৌঁছলে মেয়েটি প্ল্যাটফরমে নেমে চিত্কার করতে থাকেন। এ সময় জাহিদ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে যাত্রীরা তাকে আটক করে রেলওয়ে থানায় সোপর্দ করেন। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃত জাহিদকে আদালতে পাঠানো হলে আদালত অভিযুক্তকে জেলহাজতে পাঠিয়েছে।
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের উপপরিচালক ডা. পার্থ সারথী দত্ত কানুনগো জানান, গতকাল মেয়েটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট আসা মাত্র নিশ্চিত হওয়া যাবে। মেয়েটি এখন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
