শুক্রবার নয়াদিল্লিতে ইসরাইলি দূতাবাসের সামনে ছোট আকারের একটি বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, বিস্ফোরণের ঘটনাস্থল থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে। ইসরাইলকে উদ্দেশ করে ইরানিদের হত্যার প্রতিশোধ নেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে। এতে লেখা ছিল, এটি ট্রেলার মাত্র। আমরা যখন খুশি, যেভাবে খুশি তোমাদের শেষ করে দিতে পারি।
এদিকে এটি জঙ্গি হামলা কি না, তা খতিয়ে দেখছে গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। ইতিমধ্যে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি ইসরাইলি দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতে সব রকমের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবারই জানিয়েছেন, ভারতের প্রতি তার বিশ্বাস আছে। তিনি জানেন ভারতে ইসরাইলিদের নিরাপত্তার কোনো ত্রুটি হবে না। ইসরাইলের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গেও কথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ইসরাইলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারী কর্মকর্তারা। তারা দেখেছেন, একটি ভাড়া গাড়িতে করে দুই জন বিস্ফোরণের কিছুক্ষণ আগে সেখানে এসেছিল। এক রাতের মধ্যে খুঁজে বের করা হয়েছে গাড়িটি। চালকের তথ্য অনুযায়ী সন্দেহভাজন দুই জনের ছবি তৈরি করা হয়েছে। সেই ছবি নিয়েই তাদের খোঁজা হচ্ছে। এছাড়া ঘটনাস্থল থেকে আরো কিছু আলামত জব্দ করেছে পুলিশ।
এদিকে ভারতে ইসরাইলের রাষ্ট্রদূত মালকা পিটিআইকে বলেছেন, সাম্প্রতিক কালের বিভিন্ন তথ্য বলছে এটি জঙ্গি হামলা হতে পারে। সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
