সাব্বির নাসিরের অক্সিজেন লাগছে না

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২০:০৫

এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে আছেন সংগীতশিল্পী সাব্বির নাসির। গত ১৭ জানুয়ারি অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে করোনা টেস্ট করার পর জানা যায় তিনি করোনায় আক্রান্ত। পরদিন তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়।

করোনা ভাইরাসে আক্রান্ত হবার পর বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির পথে বলে জানান ড. নাহিদের তত্বাবধানে থাকা ইউনিটের প্রধান নার্স স্বরসতি।

তিনি আজ দুপুরে বলেন, করোনা ইউনিটের সিনিয়র মেডিকেল অফিসার ড. নাহিদ সকালে ভিজিট করে গেছেন। আগের চেয়ে অনেক ভালো আছেন সাব্বির নাসির। আজ অক্সিজেন লাগছে না। ওনার শারীরিক অবস্থা আজ অনেকটা উন্নতির পথে। তবে উনার ডায়াবেটিস ও হাইপার টেনশন রয়েছে।

এদিকে ড. নাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে হাসপাতাল থেকে তিনি জানান, তার ব্যবহৃত নাম্বার দেওয়া নিষেধ। তাই ওনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে সংগীতশিল্পী সাব্বির নাসিরকে সর্বক্ষণ পর্যবেক্ষণে এবং চিকিৎসাতে সহযোগিতা করছেন কনসালটেন্ট ডাক্তার মুহাম্মদ মর্তুজা খায়ের, করোনা ইউনিটের মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া এবং ডাক্তার শৈবাল।

উল্লেখ্য, সংগীতশিল্পী সাব্বির নাসির বেশকিছু শ্রোতাপ্রিয় হিট গান উপহার দিয়েছেন। গত বছর শেষে তার গাওয়া ‘আবোল তাবোল’ গানটি প্রকাশের পর বেশ সাড়া ফেলে। সাব্বির নাসিরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিওটি প্রকাশ পায়।

এর আগে ‘হর্ষ’, ‘ফুল ফোটাবো’, ‘ফাগুন আসছে’, ‘জল জোছনা’, ‘পোকা’, ‘আমারে দিয়া দিলাম তোমারে’, ‘মৃত জোনাকি’, ‘তুমি দমে দম’সহ বেশক’টি গানচিত্র প্রকাশ করে আলোচনায় আসেন তিনি।

ইত্তেফাক/বিএএপ