ভারতের তামিলনাড়ুতে প্রকাশ্যে এলো এক ওয়েব ডিজাইনিং কোম্পানির মালিকের কুকীর্তি। অফিসে নারী কর্মীদের শৌচালয়ে গোপন ক্যামেরা লাগিয়েছিল ঐ ব্যক্তি। আর সেই ক্যামেরা দিয়ে তাদের গোপন মুহূর্তের ছবি তুলে রাখত সে। তবে শেষরক্ষা হয়নি। সামনে চলে এল সত্যিটা। থানায় অভিযোগ দায়ের করেন অফিসেরই এক নারী কর্মী। এরপরই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, ঘটনাটি তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার। এস সঞ্জু নামে পাল্লিভালির এক বাসিন্দা গত চার বছর ধরে জি থ্রি ইনফোটেক নামে ওই ওয়েব ডিজাইনিং সংস্থা চালাচ্ছিলেন। দেড়মাস আগে নাগেরকোয়িল এলাকায় অফিসটি সরিয়ে নিয়ে আসেন। এরপর গত সপ্তাহেই নতুন তিন নারী তার অফিসে যোগ দেন।
জানা গেছে ঐ অফিসে দু’টি শৌচালয় রয়েছে। একটি পুরুষদের এবং একটি নারীদের।সম্প্রতি ওই সংস্থায় নতুন যোগ দেওয়া এক নারী কর্মী লেডিস টয়লেটে গিয়েছিলেন। সেখানে দেওয়ালে থাকা একটি কালো রংয়ের জায়গায় তার নজর পড়ে। সেটি পরীক্ষা করতেই ক্যামেরাটি দেখতে পান তিনি। এরপর অফিসের কাউকে কিছু না জানিয়ে সন্ধ্যেবেলা স্থানীয় থানায় যান। গোটা বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেন। এরপরই ওই অফিসটিতে আসে পুলিশ। নারীদের শৌচালয় থেকে উদ্ধার হয় গোপন ক্যামেরাটি। এমনকী ওই ব্যক্তির মোবাইল এবং ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়।
প্রাথমিকভাবে নারীদের গোপন মূহূর্তের ছবি বা ভিডিও কিছু না পেলেও এস সঞ্জু নামে ওই ব্যক্তির মোবাইল এবং ল্যাপটপটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এআর
