শরণখোলায় হরিণের মাংসসহ পাচারকারী গ্রেফতার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৫

বাগেরহাটের শরণখোলায় ২০ কেজি হরিণের মাংসসহ মিলন মোড়ল (৩৫) নামের এক পাচারকারীকে গ্রেফতার করেছে বনরক্ষীরা। আটককৃতকে সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা আ. মান্নান জানান, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার সুন্দরবন সংলগ্ন রসুলপুর বেড়িবাঁধ এলাকা থেকে মিলনকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা একটি বস্তার মধ্যে থেকে ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। 

আটক মিলন যশোরের ঝিকরগাছা উপজেলার উত্তর দেওলী গ্রামের আ. লতিফ মোড়লের ছেলে। সে পরিবার নিয়ে শরণখোলার রায়েন্দা বাজারে বাসা ভাড়া করে থাকেন।

আটক মিলন জানায়, গত শুক্রবার উপজেলার ঢালীরগোপ এলাকার হাবিব তালুকদার ও তানজের বয়াতী বগী গ্রামের মৎস্য ব্যবসায়ী চান্দুর ট্রলারে সুন্দরবনের কটকা এলাকায় যায়। সেখান থেকে তারা হরিণ শিকার করে জেলে নৌকায় তার কাছে বিক্রির জন্য পাঠায়। তারা আরও হরিণ শিকারের জন্য বর্তমানে কটকায় অবস্থান করছে।

স্টেশন কর্মকর্তা জানান, মিলনের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। হাবিব তালুকদার ও তানজের বয়াতীর নামে বন বিভাগের একাধিক মামলা রয়েছে।

আদালতের নির্দেশনা অনুযায়ী মাংসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ঐ কর্মকর্তা ।

ইত্তেফাক/এএএম