যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে কিশোরগঞ্জে স্বামীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। কিশোগঞ্জের ১ নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা জজ কিরণ শংকর হালদার এ রায় দেন।
সোমবার (১ ফেব্রুয়ারি) বিকালে মিঠামইন উপজেলার শ্যামপুর গ্রামের জিয়াউদ্দিনকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।
মামলার বিবরণে প্রকাশ, জিয়াউদ্দিন তাড়াইল উপজেলার হাতকাজলা গ্রামের হারেছ মিয়ার মেয়ে রেখা আক্তারকে বিয়ে করার পর থেকে সেই গ্রামেই বাড়ি করে বসবাস শুরু করে। প্রায়ই জিয়াউদ্দিন যৌতুকের জন্য স্ত্রীর ওপর নির্যাতন চালাতো। ২০০৬ সালের ১৪ জুলাই রাতে জিয়াউদ্দিন কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রী রেখা আক্তারকে জবাই করে হত্যা করে পালিয়ে যান। পরদিন রেখার বাবা হারেছ মিয়া বাদি হয়ে তাড়াইল থানায় জিয়াউদ্দিনকে একমাত্র আসামি করে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। ঘটনার পর থেকেই জিয়াউদ্দিন পলাতক ছিল।
ইত্তেফাক/এমএএম
