উইন্ডিজদের হালকাভাবে নিচ্ছেন না ডমিঙ্গো

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৫

স্পোর্টস রিপোর্টার

ওয়ানডেতে একপেশে লড়াইয়ে সিরিজ জিতে গিয়েছে বাংলাদেশ। ওয়ানডের তুলনায় ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলটা অনেক শক্তিশালী। সাদা পোশাকের ক্রিকেটে জমাট লড়াইয়ের আভাস দিয়েছে সফরকারীরা। বাংলাদেশ দলও টেস্টে ক্যারিবিয়ানদের হালকাভাবে নিচ্ছে না। টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো গতকাল বলেছেন, টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন।

টেস্টে দুই দল ১৬ ম্যাচে মুখোমুখি হয়েছিল। যেখানে বাংলাদেশের জয় মাত্র চারটি, উইন্ডিজরা জিতেছে ১০টি ম্যাচ। করোনাকালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সফরে টেস্ট খেলেছে তারা। আগামীকাল শুরু হতে চলা চট্টগ্রাম টেস্টই হবে লাল বলের ক্রিকেটে এক বছর পর বাংলাদেশের প্রথম ম্যাচ।

হোল্ডার-শাই হোপরা না থাকলেও উইন্ডিজ দলের প্রশংসা করেছেন ডমিঙ্গো। গতকাল তিনি বলেছেন, ‘তারা ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডে টেস্ট খেলে এসেছে। সুতরাং তারা গত এক বছরে কিছু টেস্ট ম্যাচ খেলেছে, যা আমরা খেলিনি। তাদের হালকাভাবে নিলে সেটা আমাদের নিজেদের বিপদে নিতে হবে। তাদের দলে বেশ কিছু দারুণ ক্রিকেটার আছেন। ব্রেথওয়েট তাদের এক জন ধারাবাহিক খেলোয়াড়। শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ বিশ্বমানের বোলার। আমরা কোনোভাবেই এই টেস্টকে হালকাভাবে নিচ্ছি না। আমর জানি যে কোনো কন্ডিশনে তারা একটি শক্তিশালী দল এবং আমাদের নিজেদের সেরাটাই দিতে হবে ফল নিজেদের পক্ষে আনার জন্য।’

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে দারুণ লড়াই আশা করছেন বাংলাদেশের হেড কোচ। তিনি বলেছেন, ‘আমার অবশ্যই মনে হয় এই টেস্টটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তারা অবশ্যই নিজেদের প্রমাণ করতে চাইবে। আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা আমাদের জায়গা রক্ষা করব। আমাদের ঘরের মাঠে খেলা, আমরা আমাদের শক্তির জায়গা অনুযায়ী খেলব এবং নিজেদের ঘরের মাঠের সুবিধা নেওয়ার লক্ষ্য থাকবে।’

কুঁচকির চোট কাটিয়ে শতভাগ ফিট না হলেও সাকিব আল হাসানকে চট্টগ্রাম টেস্টে পাবে বাংলাদেশ। ডমিঙ্গোর বিশ্বাস, ম্যাচটা খেলবেন সাকিব। তার উপস্থিতি দলের ব্যাটিং, বোলিংকে শক্তিশালী করবে। গতকাল সাগরিকায় দুপুরের পর অনুশীলন করেছে বাংলাদেশ দল। ওপেনিংয়ে তামিমের সঙ্গী, একাদশ ঠিক করার কাজ আজই করবে টাইগাররা। ডমিঙ্গো আভাস দিয়েছেন, দলে অনেক পেসার থাকলেও উইকেটের কন্ডিশন অনুযায়ী একাদশ গঠন করা হবে। তাতে স্পিনারদের আধিক্য থাকাই স্বাভাবিক ঘটনা হবে।