টি স্পোর্টসের সঙ্গে তিন বছরের চুক্তি বাফুফের

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৬

স্পোর্টস রিপোর্টার

আন্তর্জাতিক ম্যাচসহ আগামী তিন বছর বাংলাদেশ ঘরোয়া ফুটবলের তিন টুর্নামেন্ট ফেডারেশন কাপ, প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশীপ লিগের ম্যাচ দেখা যাবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। গতকাল রাজধানীর ওয়েস্টিন হোটেলে স্পন্সর ও সম্প্রচার স্বত্ব বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এখানে পৃষ্ঠপোষক হিসেবে টি স্পোর্টসের সঙ্গে যৌথভাবে সম্পৃক্ত কে স্পোর্টস।

বাংলাদেশ-নেপাল ফুটবল ম্যাচ দিয়ে টিভি চ্যানেলে সম্প্রচার কার্যক্রম শুরু করে টি স্পোর্টস। ফেডারেশন কাপের পর প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচও ধারাবাহিকভাবে সম্প্রচার করছে তারা। মাত্র চার মাসের পথচলায় টিভি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই স্পোর্টস চ্যানেলটি। ফুটবলের পাশে থাকার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

শুধু ফুটবল নয় বাংলাদেশের প্রতিটি ক্রীড়া ক্ষেত্রেই অবদান রাখতে চায় টি স্পোর্টস। অনুষ্ঠানে উপস্থিত থাকা টিভি চ্যানেলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেন, ‘আমরা শুধু  ক্রিকেট ও ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না। ক্রিকেট, ফুটবল, হকি, আমাদের জাতীয় খেলা কাবাডি এমনকি নৌকাবাইচসহ আরো যা যা স্পোর্টস থাকবে আমাদের পর্দায় দেখা যাবে। ইনশাআল্লাহ শিগগিরই শুধু বাংলাদেশই নয় বিশ্বের মধ্যে একটি প্রাইম প্রতিষ্ঠান হিসেবে আমরা কাজ করতে পারব।’