ঢাকা-দুবাই রুটে ইউএস- বাংলার ফ্লাইট শুরু

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪১

ইউএস-বাংলা এয়ারলাইনস গতকাল সোমবার থেকে ঢাকা-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। দশম আন্তর্জাতিক রুট হিসেবে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য দুবাই অন্তর্ভুক্ত হলো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনাল ভবনে ঢাকা-দুবাই রুটে ফ্লাইট শুরুর পূর্বে কেক কেটে আনুষ্ঠানিকভাবে ফ্লাইটটির কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন শিকদার মেজবাহউদ্দিন আহমেদ। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে উদ্বোধনী ফ্লাইট পরিচালনা করা হয়। দুবাই ছাড়াও বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য মাস্কাট ও দোহা, প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত কুয়ালালামপুর, সিঙ্গাপুর, প্রতিবেশী দেশ ভারতের চেন্নাই ও কলকাতা এবং চীনের অন্যতম গন্তব্য গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস।—প্রেস বিজ্ঞপ্তি