আসন্ন শিল্পনীতিতে ‘এসএমই আইন’ প্রণয়নের প্রস্তাব ঢাকা চেম্বারের

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪১

ইত্তেফাক রিপোর্ট

আসন্ন শিল্পনীতিতে কটেজ, অতিক্ষুদ্র এবং ক্ষুদ্র উদ্যোক্তাগণ মাঝারি অর্থাত্ সিএমএসএমইদের সংজ্ঞা পুনঃ নির্ধারণ করার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার। সেই সঙ্গে একটি ‘এসএমই আইন’ প্রণয়ন করার প্রস্তাব করেন চেম্বারের নেতৃবৃন্দ। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমানের নেতৃত্বে ডিসিসিআইর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ গতকাল সোমবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপির সঙ্গে শিল্প মন্ত্রণালয়ে সাক্ষাত্ করেন। শিল্পসচিব কে এম আলী আজম এ সময় উপস্থিত ছিলেন।

দেশের সব সিএমএসএমই উদ্যোক্তার খাতভিত্তিক ডাটাবেইজ তৈরি করার জন্য একটি বিশেষায়িত প্রকল্প গ্রহণের আহ্বান জানান ডিসিসিআই সভাপতি। তিনি উল্লেখ করেন, দেশের কৃষিনির্ভর অঞ্চল যেমন—যশোর, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে কৃষি প্রক্রিয়াজাত শিল্পায়ন উত্সাহিত করার লক্ষ্যে বিশেষায়িত কৃষিনির্ভর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা প্রয়োজন। ডিসিসিআই সভাপতি এলডিসি উত্তরণের পর ২০২৪ পরবর্তী সময়ে বাংলাদেশকে ইউরোপের দেশগুলোতে জিএসপি সুবিধা পেতে ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক প্রদত্ত শ্রম, মানবাধিকার, সুশাসন ও পরিবেশভিত্তিক ২৭টি কনভেনশন বাস্তবায়নে আসন্ন শিল্পনীতিতে একটি রোডম্যাপ অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

শিল্পমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়াধীন রাষ্ট্রায়ত্ত বেশ কিছু শিল্পকারখানা রয়েছে, যেগুলোকে বর্তমান সময়ের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকল্পে মন্ত্রণালয় কাজ করছে। তিনি এ ধরনের সরকারি শিল্পকারখানার আধুনিকায়নে প্রযুক্তি ব্যবহার, উত্পাদিত পণ্যের বহুমুখীকরণ এবং সর্বোপরি নতুন বিনিয়োগে এগিয়ে আসার জন্য বেসরকারি খাতের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।