স্টাফ রিপোর্টার, রাজশাহী এক বেলা নয়, দুই বেলা চার্জার রিকশা চালানোর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছেন রিকশা-ভ্যান শ্রমিক ও মালিকরা। সোমবার বেলা ১১টা থেকে রাজশাহী নগর ভবনের সামনের সড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভের কারণে সিটি করপোরেশন ও রেলগেট সড়কটি দীর্ঘক্ষণ বন্ধ থাকায় ভোগান্তি বেড়ে যায়। খবর পেয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ঘটনাস্থলে গিয়ে চার্জার রিকশার শ্রমিক-মালিকদের উদ্দেশে বলেন, বিষয়টি নিয়ে রিকশাচালকদের সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাসাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে রিকশাচালকেরা রাস্তা অবরোধ তুলে নেন। এর আগে রিকশাচালকদের পক্ষ থেকে মেয়র লিটনকে একটি স্মারকলিপি দেওয়া হয়। নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এছাড়া যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
