হয়রানি বন্ধের দাবিতে ট্রাক চালকদের সড়ক অবরোধ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৪

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর মহানগরীতে চাঁদাবাজি, হয়রানি, নির্যাতন, মারধরের প্রতিবাদ জানিয়ে রংপুর-কুড়িগ্রাম-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছে ট্রাকচালকরা। তারা সোমবার দুপুর ১২ থেকে ২টা পর্যন্ত নগরীর পূর্ব বাবুখা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক জানান, বিভিন্ন সময়ে থানা পুলিশের হয়রানির প্রতিবাদে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) ফরহাদ ইমরুল কায়েস জানান, ট্রাক চালকরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।