সড়ক দুর্ঘটনায় নিহত ৭

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৫

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো নয় জন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

বরিশাল :নগরীর লাকুটিয়া সড়কের বাঘিয়া এলাকায় রবিবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় সেলিম শরীফ (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বিমানবন্দর থানার ওসি জাহিদ বিন আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম :নগরীর পাহাড়তলীতে সোমবার ট্রাকের চাপায় মুশফিকুর রহমান জাহিদ (৩৫) নামে এক জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

পাইকগাছা (খুলনা) :রবিবার বিকালে হাবিব নগর এলাকায় বাসচাপায় ইমরান সরদার ওরফে জুলফিকার (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে থানার ওসি এজাজ শফী জানান, যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে।

কেন্দুয়া (নেত্রকোনা) :সোমবার সকালে উপজেলার কেন্দুয়া-আঠারবাড়ী সড়কের আটিগ্রাম এলাকায় পাথরবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই শনাই মিয়া (২৫) নামে বাসটির হেল্পার নিহত হয়েছেন। এ সময় আহত হন বাসে থাকা অন্তত সাত যাত্রী। কেন্দুয়া থানা ওসি কাজী শাহ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ডোমার (নীলফামারী) :উপজেলার ডোমার-চিলাহাটি সড়কের বাজার শান্তা মার্কেটের সামনে রবিবার বিকালে ট্রাকের চাপায় আমির হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ডোমার থানার ওসি মো. মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নেয়াখালী: জেলার সুবর্ণচর উপজেলার আট কপালিয়া-সোনাপুর সড়কে রবিবার বিকালে মালবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় মনোয়ারা বেগম (৪৫) নামে এক ব্যাটারি চালিত রিকশার যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো দুই জন। চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেন।

মাদারীপুর :বাসচাপায় ফারুক মুন্সী (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সে রাজৈর উপজেলার দক্ষিণ বিদ্যানন্দী গ্রামের জাফর মুন্সীর ছেলে। এ ঘটনায় স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।