কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈরে অবৈধভাবে বিরবান্দ নদী তীরবর্তী দুই ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। গভীর গর্ত করে মাটি কাটার কারণে ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছে। তাছাড়া মাটি কাটার ফলে নদীর তীর ভেঙে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। সোমবার বিকালে সরেজমিন তথ্য অনুসন্ধানে জানা যায়, উপজেলার আটাবহ ইউনিয়নের জালশুকা এলাকায় জালশুকা ব্রিজের উত্তর পাশে ভেকু দিয়ে অবৈধভাবে গভীর গর্ত করে বিরবান্দ নদীর তীরবর্তী দুই ফসলি জমির মাটি কাটা হচ্ছে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নির্বিঘ্নে সেই মাটি ড্রামট্রাকে ভর্তি করে স্থানীয় ইটভাটাসহ বিভিন্ন মিলকারখানায় পাচার করছে। ফলে ফসলি জমিসহ নদীভাঙনের হুমকি দেখা দিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। আটাবহ ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা বলেন, ‘বিরবান্দ নদী তীরবর্তী কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এতে ফসলি জমির উর্বরতা কমছে। নদীভাঙার আশঙ্কা করছেন অনেকে।’ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী বলেন, ‘অবৈধভাবে মাটি কাটা বন্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন বলেন, ‘মাটি কাটা বন্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
