কৃষির যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণে ব্লক প্রদর্শনীর উদ্বোধন
কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা কালীগঞ্জে কৃষির যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণে হাইব্রিড ‘জনকরাজ’ জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। সোমবার রাইস ট্রান্সপ্ল্যান্টার যন্ত্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবু জাফর। উপজেলার চলবলা ইউনিয়নের মদনপুর এলাকায় ১২ জন কৃষকের ৫০ একর জমিতে এ প্রদর্শনীর আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর।
সরকারি কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিমূলক বিষয়ক প্রশিক্ষণ
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে উপজেলা পরিষদ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিমূলক বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে ও স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা।
বাগেরহাট পৌর নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়
বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট পৌরসভা নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা নির্বাচন অফিসার। সোমবার সকালে জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় হয়। সভায় আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থী, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের প্রার্থীসহ সুশীলসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
সালথা (ফরিদপুর) সংবাদদাতা সালথায় যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচির তিন মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
ডিমলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা ডিমলা প্রেসক্লাবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় রবিবার। বিকালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিমলা প্রেসক্লাব চত্বরে আলোচনা সভা হয়। আলোচনা সভায় ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
জার্নাল ব্যবস্থাপনা পদ্ধতির ওয়েবসাইট উদ্বোধন
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় জার্নাল ব্যবস্থাপনা পদ্ধতির প্রথম ওয়েবসাইট ‘রিসার্চ জার্নাল অব ফোকলোর’-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওয়েবসাইটের (www.jkkniu.edu/journal) উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল ও সম্পাদক পান্না
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সংসদ নির্বাচনে (২০২১-২২) আওয়ামী লীগ আইনজীবী নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতৃত্বাধীন আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতিসহ তিনটি পদে জয় লাভ করে। রবিবার সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ হয়। আওয়ামী লীগ আইনজীবী নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত নির্বাচিত সহসভাপতি (১ম), মো. লুত্ফর রহমান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ পান্না। জাতীয়তাবাদী আইনজীবী নেতৃত্বাধীন আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হন তিন জন। তারা হচ্ছেন—সভাপতি মীর রহুল আমীন বাবু, সহসভাপতি (২য়) মো. আলীমুল হক ও কার্যনির্বাহী সদস্য (৪র্থ) মো. আব্দুল আজিজ সরকার।
০
