দুদকে সময় চেয়েছেন এনআরবি ব্যাংকের তিন পরিচালক ও এক শেয়ার হোল্ডার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৪

ইত্তেফাক রিপোর্ট

অবৈধভাবে অর্জিত অর্থে ব্যাংকের শেয়ার ক্রয় ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদকের নোটিশে হাজির হননি এনআরবি ব্যাংকের তিন পরিচালক ও এক শেয়ার হোল্ডার। গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) তাদের হাজির হয়ে বক্তব্য প্রদানের কথা ছিল। তারা জিজ্ঞাসাবাদের তারিখ পেছাতে দুদকের কাছে সময় চেয়ে আবেদন করেছেন। সে কারণে কমিশনের তলবি নোটিশে গতকাল সোমবার তারা কমিশনে হাজির হন। তবে তা কতদিন পেছাতে আবেদন করা হয়েছে তা জানা যায়নি। এই তিন পরিচালক ও এক শেয়ার হোল্ডার হলেন, নাফিহ রশিদ খান, নাভিদ রশিদ খান ও ইদ্রিস ফরায়জী আর ব্যাংকটির শেয়ার হোল্ডার আমিনুর রশিদ খান। তিনি নাফিহ ও নাভিদের বাবা। 

দুদক সূত্রে জানা গেছে, আমিনুর রশিদ খান এবং তার দুই ছেলে নাফিহ রশিদ খান ও নাভিদ রশিদ খানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। ঐ অর্থে তারা বিভিন্ন ব্যাংকের শেয়ার কেনার পাশাপাশি আমদানি-রপ্তানির নামে বিদেশে পাচার করেছেন বলে দুদকে অভিযোগ রয়েছে। সেসব অভিযোগের অনুসন্ধানে তাদের তলব করা হয়েছে।