আমতলীতে দুই সন্তানের জননী রাবেয়াকে (২৪) যৌতুকের জন্য পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরে তার ভাইকে ফোন করে লাশ নিয়ে যাওয়ার জন্য খবর দিলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গতকাল সোমবার সকালে আমতলী পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের সিকদারবাড়ি সড়কের নিজ বাড়িতে শিশুকন্যার সামনেই স্ত্রীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে স্বামী মো. অলি উল্লাহ হাওলাদার।
জানা গেছে, ২০০৮ সালে উপজেলার ডালাচারা গ্রামের আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে মো. অলি উল্লাহর সঙ্গে চন্দ্রা গ্রামের আব্দুল আজিজ মোল্লার কন্যা রাবেয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রাবেয়াকে যৌতুকের জন্য বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল স্বামী অলি উল্লাহ। এ নিয়ে একাধিকবার মামলা ও সালিশ বৈঠক হয়। গত কয়েক দিন ধরে আবারও ২ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকে সে। ঘটনার দিন সকালে রাবেয়া টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে মায়ের প্ররোচনায় লোহার রড ও ইট দিয়ে দুই সন্তানের জননী রাবেয়াকে নির্মমভাবে পিটিয়ে হতা করে অলি উল্লাহ। এ সময় সন্তানদের চিত্কারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘাতক অলি উল্লাহকে আটকে রেখে পুলিশকে খবর দেয়।
