আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চিকিত্সক-নার্সসহ সব স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। গতকাল সোমবার সকালে করোনা ভাইরাসের টিকা বিতরণের প্রস্তুতি নিয়ে জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিক্যাল কলেজের পরিচালকদের সঙ্গে অনলাইন সভা শেষে তিনি এ নির্দেশনা দেন। টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।
অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, পরীক্ষামূলক প্রয়োগের পর আগামী রবিবার (৭ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে শুরু হচ্ছে গণহারে টিকাদান কর্মসূচি। এরই মধ্যে জেলায় জেলায় করোনার টিকা পৌঁছে গেছে। টিকা বিতরণের জন্য ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল না ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যারা অ্যাপ কিংবা অনলাইনে নিবন্ধনে ব্যর্থ হবেন, তাদের সহযোগিতা করবে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা। তিনি বলেন, এ পর্যন্ত বিশ হাজারের বেশি মানুষ টিকা পেতে নিবন্ধন করেছেন। অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, সরকারি ছুটির দিন শুক্রবার টিকা কর্মসূচি বন্ধ থাকবে। এছাড়া বাকি দিনগুলোতে টিকা কার্যক্রম চলবে।
