যশোরে পৌঁছেছে ৯৬ হাজার ডোজ করোনা ভ্যাকসিন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৩৮

করোনা প্রতিরোধ ভ্যাকসিন কোভিশিল্ডর (টিকা) ৯৬ হাজার ডোজ যশোরে পৌঁছেছে। রবিবার যশোরের সিভিল সার্জন কার্যালয়ে টিকার এই চালান এসে পৌঁছায়। পরে ভ্যাকসিন কোভিশিল্ড (টিকা) জেলার ইপিআই কোল্ডরুমে সংরক্ষণ করা হয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশের সঙ্গে একযোগে যশোর জেলায় প্রথম ধাপের ১০টি কেন্দ্রের মাধ্যমে এই কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।

সিভিল সার্জন শেখ আবু শাহিন জানিয়েছেন, যশোরের ভ্যাকসিন প্রদানের প্রস্তুতি কার্যক্রম শেষের দিকে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসলেই ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আশরাফুর রহমান বলেন, ‘বহুল প্রত্যাশিত ৯৬ হাজার ডোজ করোনা প্রতিরোধ ভ্যাকসিন কোভিশিল্ড (টিকা) যশোরে পৌঁছেছে। ভ্যাকসিন ইপিআই কোল্ডরুমে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হয়েছে।’

ইত্তেফাক/এমআর