অভিশংসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অর্থ মজুত করছেন ট্রাম্প

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫৬

যুক্তরাষ্ট্রে আগামী ৯ ফেব্রুয়ারি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অভিশংসনের বিচার শুরু হচ্ছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এরই মধ্যে ট্রাম্প তার বিচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অর্থ মজুদ করেছেন। এদিকে অভিশংসন নিয়ে তার আইনজীবী নিয়োগের সময়সীমা আজ মঙ্গলবারই শেষ হচ্ছে। রবিবার পাঁচ আইনজীবী পদত্যাগ করায় সংকটে পড়েন ট্রাম্প। খবর সিএনএন ও রয়টার্সের।

রিপাবলিকান পার্টিতে টিকে থাকতে এবং নিজের বিরুদ্ধে সিনেটে অভিশংসন বিচারের বিরুদ্ধে লড়াইয়ে চলতি বছরের প্রথম থেকে অর্থ মজুদ শুরু করেন ট্রাম্প। তার নতুন ‘সেভ আমেরিকা পলিটিক্যাল অ্যাকশন কমিটি’ অর্থ সংগ্রহ করেছে।

জানা গেছে, কমিটি এ পর্যন্ত ৩১ দশমিক ১ মিলিয়ন ডলার অর্থ সংগ্রহ করেছে। ট্রাম্পকে আইনজীবীদের পেছনে একটা মোটা অংকের অর্থ ব্যয় করতে হবে বলে ধারণা করা হচ্ছে। ডেভিড সোহেন এবং ব্রুস ক্যাস্টর নেতৃত্বে ট্রাম্প নতুন আইনজীবীদের দল গঠন করেছেন বলে জানা গেছে। প্রস্তুতিন নিতে তারা এক সপ্তাহের মতো সময় পাবেন। ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যাকে ক্ষমতা ত্যাগের পরও অভিশংসন করা হচ্ছে। আবার তিনি দ্বিতীয়বারের মতো প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন।

ইত্তেফাক/বিএএফ