নির্দিষ্ট সময়ে ভ্যাকসিন সরবরাহে ব্যর্থতায় আইনি ব্যবস্থা নেবে জার্মানি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০৭:১৮

চুক্তির সময় অনুযায়ী করোনা ভাইরাসের ভ্যাকসিন সরবরাহ না করতে পারলে উৎপাদনকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে জার্মানি। ইউরোপীয় ইউনিয়নকে অ্যাস্ট্রাজেনেকা চুক্তির চেয়ে দেরিতে ভ্যাকসিন সরবরাহ করায় যে উত্তেজনা তৈরি হয়েছে তার মধ্যেই এই হুমকি দিল জার্মান সরকার। খবর এএফপির

জার্মান পত্রিকা ডাই ওয়েল্টকে দেশটির অর্থমন্ত্রী পিটার অল্টমায়ার বলেন, ‘যদি দেখা যায় কোম্পানিগুলো তাদের শর্ত মানছে না, তাহলে আমাদের আইনি পরিণতির কথা চিন্তা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘চুক্তির পরে কোনো কোম্পানি ইইউর চেয়ে অন্য দেশকে প্রাধান্য দিতে পারে না।’ প্রতিশ্রুতি অনুযায়ী করোনা ভাইরাসের ভ্যাকসিন দিতে ঘাটতি হওয়ায় সম্প্রতি ইউরোপীয় নেতৃবৃন্দ ও ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

কোম্পানিটি জানায়, বছরের প্রথম চার মাসের মধ্যে চুক্তির শর্তের চেয়ে মাত্র চার ভাগের এক ভাগ ভ্যাকসিন তারা সরবরাহ করতে পারবে।

ইত্তেফাক/এমআর