টেকনাফে সন্ত্রাসীদের কাছে অবৈধ অস্ত্র সরবরাহকালে আটক ২

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩৪

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে বস্তাভর্তি অস্ত্র সরবরাহকালে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র‍্যাব। সোমবার র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ১০টি অবৈধ অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের দুই সহযোগীকে আটক করে। 

কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, জাদিমোরা ২৬নং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসীদের নিকট অস্ত্র সরবরাহের খবর পেয়ে সোমবার (১ল ফেব্রুয়ারি) বিকালের দিকে ওমরখাল ব্রিজ এলাকায় অভিযানে যায় কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১০-১২জন রোহিঙ্গা সন্ত্রাসী পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দুইটি অবৈধ অস্ত্রভর্তি বস্তাসহ ২৬নং রোহিঙ্গা ক্যাম্প শালবাগানের ব্লক-এ-৩ এর বাসিন্দা মৃত আমির হোসেনের পুত্র সৈয়দ হোসেন (৫৫) এবং মোছনী রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আজিজুল হকের পুত্র বদি আলম (২০) কে আটক করা হয়।

অপর ১০ জনকে আটক করা সম্ভব হয়নি। পরে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে বস্তা খুলে গণনা করে ৯টি এসবিবিএল একনলা লম্বা বন্দুক ও একটি ওয়ানশুটারগান পাওয়া যায়।

এই বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত অস্ত্রসহ ধৃত রোহিঙ্গা সন্ত্রাসীদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি