ববি হাজ্জাজ ও ‘আই স্টার্টেড অ্যা পডকাস্ট’

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৪

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ অন্যরকম একটি আয়োজনে অংশ নিলেন।  সংগীতশিল্পী জন কবিরের ‘আই স্টার্টেড অ্যা পডকাস্ট’ অনুষ্ঠানে গল্প করেছেন তিনি।  ১ ঘণ্টারও বেশি সময় ধরে আড্ডা হয়েছে তাদের।

শোবিজের তারকা ও বিশিষ্ট ব্যক্তিরা নিজেদের প্রিয় গান, সংগীতশিল্পী ও তাদের জীবনে সংগীত কতটা প্রভাব ফেলেছে সেইসব শেয়ার করছেন জন কবিরের অনুষ্ঠানে।  এবারও ব্যতিক্রম হয়নি। 

গত ২৯ জানুয়ারি জন কবিরের ইউটিউব চ্যানেলে পডকাস্টটি উন্মুক্ত হয়। এটি ভাগ করা হয়েছে আটটি বিষয়ের ওপর।  এর মধ্যে রয়েছে ববি হাজ্জাজের প্রতিদিনের রুটিন ও লাইফস্টাইল, এই লাইফস্টাইলের সঙ্গে তার স্ত্রী রাশনা ইমাম কীভাবে মানিয়ে নেন।

ববি হাজ্জাজ দুই মেয়ের বাবা।  সংগীতের মতো সৃজনশীল মাধ্যমে কাজ করতে চাইলে মেয়েদের উৎসাহ দেবেন কিনা সেটিও জানিয়েছেন জন কবিরের পডকাস্টে।

শৈশবে ববি হাজ্জাজের সংগীতপ্রেম এবং তারুণ্যে তার গান শোনার মাধ্যম নিয়ে গল্প করেছেন জন কবির। রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ববি হাজ্জাজের মধ্যে  মিল-অমিল এবং শিক্ষকতা নিয়ে ববি হাজ্জাজের ভাবনা জেনে নিয়েছেন তিনি।

ববি হাজ্জাজ ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘বিশ্বের সব জায়গায় পডকাস্ট বেশ জনপ্রিয়।  আমার ব্যক্তিগতভাবে গল্প করা ভালো লাগে।  আমি একজন রাজনীতিবিদ, আমাদের কাজই জনগণের সঙ্গে কথা বলা, গল্প করা।  তাই গল্প করতে ভালো লাগে।  জন কবিরের কাছ থেকে পডকাস্টে অংশ নেওয়ার প্রস্তাব পেয়ে সময় দিলাম।  তার সঙ্গে আমার এর আগে পরিচয় ছিল না।  তবে আড্ডাটা বেশ উপভোগ করেছি।’

আগামীতে নিজে পডকাস্ট করবেন কিনা জানতে চাইলে ববি হাজ্জাজ ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘সুযোগ এলে নিজেই পডকাস্ট করতে চাই।  বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তাদের জীবন ও ভাবনা জানতে আমার ভালো লাগবে। কিন্তু সেই সুযোগ আসার সম্ভাবনা কম।’ 

জন কবিরের ‘আই স্টার্টেড অ্যা পডকাস্ট’ অনুষ্ঠানে ববি হাজ্জাজের আগে অংশ নিয়েছেন অভিনেত্রী-উদ্যোক্তা শমী কায়সার, নূহাশ হুমায়ূন, স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান, আয়মান সাদিক।

 

ইত্তেফাক/জেএইচ/ইউবি