সাভারে চাঞ্চল্যকর নীলা রায় (১৫) নামে দশম শ্রেণীর শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চার মাস পর অভিযুক্ত কিশোর গ্যাং লিডার সাকিব হোসেনকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মামলার প্রধান আসামি মিজানুর রহমান, তার বাবা-মা ও সেলিম পালোয়ান নামে এক সহযোগীসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত সাকিবকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার গভীর রাতে পৌর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত সাকিব হোসেন সাভার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুর ছেলে। সে পরিবারের সাথে পৌরসভার কাজী মুকমাপাড়া এলাকায় বসবাস করতো।
সাভার মডেল থানার পরিদর্শক (ইন্টিলিজেন্স) নির্মল কুমার দাস বলেন, নীলা রায় হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা নারায়ণ রায় বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছিলেন। মামলায় মিজানুর রহমানকে প্রধান করে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করা হয়। পর্যায়ক্রমে মিজানুর, তার বাবা-মা ও সেলিম নামে এক সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে এবং পুলিশ তদন্তে সাকিবের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকেও গ্রেফতার করা হয়েছে। এঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে নীলা রায় নামে ওই স্কুল শিক্ষার্থীকে তার ভাইয়ের কাছে থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হত্যাকারী মিজানুর ও তার সহযোগীরা। গুরুতর অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নীলাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর মিজানুরের বন্ধু কিশোর গ্যাং লিডার সাকিব ও তার ভাই শাকিলের বিরুদ্ধে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক ও ইভটিজিংসহ নানা অভিযোগ তোলেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
ইত্তেফাক/এমএএম
