তানভীর তারেক
দীর্ঘদিন পর রকস্টার মিলার কামব্যাক সং হিসেবে মুক্তি পায় ‘আইস্যালা’ গানটি। তবে গানটির ক্যাম্পেইনে নতুন ভাবনা নিয়েই এগুচ্ছেন শিল্পী। মিলা শুরুতেই বলেছিলেন, তার এই গানটি দেশের সকল ডিজেকে উত্সর্গ করেছেন। সেই ধারাবাহিকতায় শুধু উত্সর্গ নয়, বরং মিলা তার এই গানটি দিয়ে দেশের সকল ডিজেদের নিয়ে ট্যালেন্ট হান্টের আয়োজন করতে যাচ্ছেন।
মিলা বলেন, ‘মূলত গানটি আবারো নতুনভাবে গেয়ে শুধু ভয়েস ট্র্যাকটি আমি দেশের বিখ্যাত তিন ডিজেকে দিয়েছি। যারা আমার খুব কাছের। তারা হলেন ডিজে রাহাত, ডিজে আকস ও ডিজে সনিকা। মূলত এই ৩ জনের সঙ্গে আমার সম্পর্কটা খুব পারিবারিক। ডিজে রাহাত আর আমি এক সময় সারাদেশে রেকর্ডসংখ্যক শো মাতিয়েছি। একইসঙ্গে আমার রূপবান গানটিসহ ড্যান্স নম্বরগুলো রাহাত খুব যত্ন করে বিভিন্ন জায়গায় বাজিয়ে প্রমোট করেছে। অন্যদিকে ডিজে আকসের সঙ্গে আমার পরিচয় মূলত দুবাইতে। এরপর দেশে ফিরলে একসঙ্গে বেশকিছু কাজ করি আমরা। আর ডিজে সনিকা ক্যারিয়ারের বয়সে আমার চেয়ে ছোট হলেও ওর সঙ্গে আমার দারুণ এক বন্ধুত্বের সম্পর্ক। এই ৩ জনের সঙ্গেই আমি যখন আইস্যালা গানটি নিয়ে ভাবনা শেয়ার করি। ওরা একবাক্যে রাজি হয়ে যায়।’
খুব জলদিই তাই দেশের তিন বিখ্যাত ডিজের কম্পোজিশনে মিলার নতুন এই ট্র্যাকটির ৩টি ভার্সন রিলিজ করা হবে। একইসঙ্গে সারাদেশ থেকে ডিজে ও কম্পোজারদের জন্যও গানটি উন্মুক্ত করা হবে। যাতে নিজেদের মতো করে মিলার অরিজিনাল ভয়েসের সঙ্গে ওরা গানটি নতুনভাবে কম্পোজিশন করতে পারে। এরপর সেরা কম্পোজিশন বাছাই করে সেরা ৩টি ট্র্যাককে নির্বাচন করে সেরা তিন কম্পোজার/ডিজেকে আর্থিক পুরস্কারসহ একাধিক আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।
গানের প্রমোশনে এ ধরনের নতুন উদ্যোগ এদেশে এটিই প্রথম। এ প্রসঙ্গে এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা ডিজে রাহাত বলেন, ‘বাইরের দেশে এ ধরনের উদ্যোগ হরহামেশা হয়। একটি গান রিলিজের আগে থেকেই বিভিন্ন ভার্সন রিলিজের কথা মাথায় রেখে সেভাবে ব্যবস্থা নেওয়া হয়। সেদিক দিয়ে মিলার গানটি নিয়ে এই ধরনের উদ্যোগ অবশ্যই নতুন একটি ধারা তৈরি করবে বলে আমার বিশ্বাস। আর এখানে শুধু ডিজেরাই কাজ করবেন না। যেকোনো ধরনের কম্পোজার মিলার ভয়েসটি নিয়ে রি-অ্যারেঞ্জমেন্ট করতে পারবে এবং সেটিও প্রতিযোগিতার জন্য বিবেচ্য হবে।’
আগামী ৫ ফেব্রুয়ারি মিলার গানের ডিজে ভার্সন রিলিজ হবে, যেটি ডিজে রাহাত ফিচার করেছেন। একইসঙ্গে গান নিয়ে এই নতুন ধারার প্রতিযোগিতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
উল্লেখ্য, মিলার এই ‘আইস্যালা’ গানটি মূলত মিলাকে নিয়ে ডকুমেন্টারি ‘আনসেন্সরড’-এর জন্য রেকর্ড করা হয় ২০১৪ সালে। এ প্রসঙ্গে মিলা বলেন, ‘অনেকদিন হয়ে যাচ্ছিল আর করোনার ভেতরে ঘরে বসেও থাকতে ইচ্ছে করছিল না। অবশেষে জি সিরিজের খালিদ ভাইয়ের সঙ্গে আলাপ করে গানটি রিলিজের সিদ্ধান্ত নিই। কিন্তু গানটি নিয়ে এত সাড়া পাবো, সত্যিই তা আপ্লুত করেছে আমাকে।’
