আমার ব্যর্থতার জন্য ক্যাটরিনা দায়ী

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩২

বিনোদন ডেস্ক

 

বলিউড নায়িকা জেরিন খানের অভিষেক হয় সালমান খানের হাত ধরে। বলিউডে খানদের সঙ্গে যাত্রা শুরু মানেই সাফল্য। কিন্তু এক্ষেত্রে পুরোটাই উল্টো চিত্র দেখা যায় জেরিনের বেলায়। ‘বীর’ সিনেমায় অভিনয়ের পর সালমান খানের সুনজরে থেকেও বি টাউনে সাফল্য পাননি জেরিন। এমনকি ‘হেট স্টোরি থ্রি’, ‘হাউসফুল টু’, ‘বীরাপ্পন’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেও দর্শকদের মনে জায়গা করতে পারেননি তিনি। ক্যাটরিনাসহ অন্যান্য নায়িকারা সালমানের সঙ্গে অভিনয় করে যেভাবে নিজের জায়গা তৈরি করেছেন, সেই হিসেবে জেরিন কীভাবে পায়ের তলার মাটি শক্ত করবেন, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। বলা চলে, নিজের ক্যারিয়ারে ফ্লপ এই অভিনেত্রী। তবে এতদিন নিজের ব্যর্থতা নিয়ে চুপ থাকলেও এবার সেই বিষয়ে মুখ খুললেন তিনি। আর এর জন্য ক্যাটরিনাকে দায়ী করলেন জেরিন। 

জেরিন খান বলেন, ‘বলিউডে পা রাখার পর সবাই আমাকে ক্যাটরিনা কাইফের মতো দেখতে বলে মন্তব্য করেন। সংবাদমাধ্যমেও বারবার আমাকে ক্যাটরিনার মতো দেখতে বলে দাবি করা হয়। যার প্রভাব পড়ে আমার ক্যারিয়ারের ওপর। সেকারণে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করতে পারিনি। ক্যাটরিনা কাইফের সঙ্গে চেহারায় মিল থাকার জন্যই আমার ক্যারিয়ার শেষ করে দেওয়া হয়েছে। বলতে পারেন এ জন্য আমি দায়ী নই, ক্যাটরিনাকে দায়ী করা যায়। আমার ব্যর্থতার জন্য ক্যাটরিনা দায়ী।’