বিনোদন রিপোর্ট
করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল দেশের সংস্কৃতি অঙ্গন। তবে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হচ্ছে। সেই ধারাবহিকতায় মঞ্চে ফিরছে নাটক। সেই তালিকায় এবার যুক্ত হচ্ছে দেশের অন্যতম নাট্য সংগঠন লোক নাট্যদল। প্রায় ১ বছর পর দলটির নিয়মিত প্রযোজনা দেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক ‘কঞ্জুস’ মঞ্চস্থ করতে যাচ্ছে তারা। আগামী ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে। ফরাসি নাট্যকার মলিয়েরের বিখ্যাত কমেডি ‘দ্য মাইজার’ অবলম্বনে ‘কঞ্জুস’ নাটকটির রূপান্তর করেছেন তারিক আনাম খান এবং নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ আল হারুন, ইউজিন গোমেজ, সামসাদ বেগম, আনোয়ার কায়সার, মনিকা বিশ্বাস, তানজিনা রহমান, আবু তাহের লিটন আকাশ, বাসুদেব হালদার, মিনহাজুল হুদা দীপ, সাদেকুল ইসলাম, সোহেল মাসুদ প্রমুখ।
