মদন (নেত্রকোনা) সংবাদদাতা
জরিমানা করার পরেও মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের এরন বিল থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায়। আখাশ্রী গ্রামের সামনে এরন বিলের এসব মাটি স্থানীয় ওয়াহেদ ব্রিকসসে নেওয়া হচ্ছে বলে জানায় এলাকাবাসী। জানা যায়, আখাশ্রী গ্রামের সামনের সরকারি এরন বিল থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় গত ৬ জানুয়ারি ওয়াহেদ ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রম্যমাণ আদালত উপজেলা নির্বাহী কর্মকর্তা। জরিমানার পর কিছু দিন মাটি উত্তোলন বন্ধ থাকলেও পুনরায় আবারও মাটি উত্তোলন করা হচ্ছে। মঙ্গলবার সরেজমিনে গেলে দেখা যায়, এক্সকাভেটর দিয়ে মাটি কেটে গাড়ি বোঝাই করে মাটি নিয়ে যাচ্ছে ওয়াহেদ ব্রিকসে।
এসময় ওয়াহেদ ব্রিকসের মালিক আব্দুল ওয়াহেদ জানান, আমি মাটি কাটার সর্দার মহিউদ্দিনের কাছ থেকে মাটি কিনেছি। সে কোথায় থেকে মাটি দিচ্ছে তা আমার জানার প্রয়োজন নাই। জরিমানার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নতুন ইউএনও না বুঝে আমাকে জরিমানা করেছিল। মাটি কাটার সর্দার মহিউদ্দিন জানান, বাস্তা গ্রামের রুবেলের কাছ থেকে মাটি কিনে ওয়াহেদ ব্রিকসে দিচ্ছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বুলবুল আহমেদ জানান, ওয়াহেদ ব্রিকস যদি পুনরায় এরন বিল থেকে মাটি উত্তোলন করে, তাহলে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
