স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার শাজাহানপুর উপজেলা থেকে মো. কামরুজ্জামান (৪২) নামে নিষিদ্ধঘোষিত সংগঠন নব্য জেএমবির এক সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাত ৯টার দিকে উপজেলার বনানী বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৩ লাখ ৩৮ হাজার ৬৩১ টাকা, বেশ কিছু সৌদি আরব ও মালয়েশিয়ার মুদ্রা জব্দ করা হয়। কামরুজ্জামান নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জের শাহাজাদপুরের মৃত আব্দুল হাফিজের ছেলে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, সে নব্য জেএমবির বাইতুলমাল বিভাগের দায়িত্বশীল সদস্য। সংগঠনের দাওয়াতি কার্যক্রম, অর্থ সংগ্রহ ও নব্য জেএমবিকে সংগঠিত করার জন্য দেশের বিভিন্ন জেলা সফর করছিল সে। তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে।
