ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সুগার মিলে সোমবার রাতে ডিজেলচালিত পাওয়ার ট্রলিচালককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সুরেশ চন্দ্র রায় (৫৫) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মুর্শিদাহাট গ্রামের সবিন্দ্র নাথ রায়ের ছেলে। এ ঘটনায় আব্দুর রহিম ও তার ছেলে সোহাগ আলীকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি তানভিরুল ইসলাম বলেন, সুগার মিলে আখ দেওয়ার সিরিয়াল নিয়ে সুরেশ চন্দ্র রায়ের সঙ্গে অপর ট্রলিচালক আব্দুর রহিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাত ১২টার দিকে সুরেশ চন্দ্রের মৃত্যু হয়। ওসি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. রকিবুল আলম চয়ন বলেন, সুরেশ চন্দ্র রায়ের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল।
