ঈশ্বরগঞ্জে সংঘর্ষে একজন নিহত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৩

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

ঈশ্বরগঞ্জে খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার তারুন্দিয়া গ্রামে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, তারুন্দিয়া গ্রামের সেচ মেশিন ম্যানেজার আবুল হোসেন (৫৫) সকালে বোরো মাঠে পানি সেচ দেওয়া শুরু করেন। এ সময় প্রতিবেশী তিন ভাইয়ের খেতে পানি দেওয়া বন্ধ রাখেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে সেচ মেশিন ম্যানেজার আবুল হোসেনের ওপর হামলা চালালে তিনি জ্ঞান হারান। পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া বলেন, লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হলে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।