মনের ভাব প্রকাশ করার প্রথম মাধ্যমই ভাষা। বাঙালিদের অন্য সব জাতির মতো ভাষা থাকলেও ভাষাগত ঐতিহ্য কিংবা ইতিহাস সবার চেয়ে ভিন্নতর। বাঙালিত্বের প্রশ্নে ভাষার গুরুত্ব অপরিসীম। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার পেছনে যেহেতু রাজপথের রক্ত-রঞ্জিত ইতিহাস রয়েছে, তাই বাংলা ভাষার অপপ্রয়োগ খুবই হূদয়বিদারক। বর্তমান প্রজন্ম জেনে বা না জেনে প্রতিনিয়ত যা করে চলেছে। পাশাপাশি ভিনদেশি সংস্কৃতি চর্চার কারণে ধ্বংস হচ্ছে নিজস্ব ভাষাগত ঐতিহ্য। আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে ইংরেজিকে অতিমাত্রায় গুরুত্ব দিয়ে যেভাবে বাংলা ভাষাকে সুকৌশলে অবহেলা করা হচ্ছে, তা থেকে বেরিয়ে আসাও অতীব জরুরি। ভাষার মাসে আমরা কেবল স্মরণ করি বাংলা ভাষার ইতিহাস। শুদ্ধতার সঙ্গে ভাষা ব্যবহারের চমক দেখাই। অথচ ৩৬৫ দিনই হওয়া উচিত এমন। বাংলা ভাষা আমাদের অস্তিত্ব, আমাদের ধমনিতে বহমান রক্তের মতো চিরন্তন সত্য। মায়ের কাছ শেখা ভাষা মায়ের মতোই পবিত্র। তাই বাংলা ভাষার অপপ্রয়োগ বা বাংলা ভাষা কেন্দ্রিক অবহেলার যে বেড়াজাল সৃষ্টি হয়েছে তা ভেঙে প্রাণের বাংলা ভাষাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।
অনন্য প্রতীক রাউত
শিক্ষার্থী, আইন বিভাগ,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়,
ঢাকা
