নির্বাচনি পোস্টারে পলিথিন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২২:২১

পৌরসভার নির্বাচন চলমান। এর পরই আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। পৌরসভা নির্বাচনের সময় শীত থাকলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় থাকবে বৃষ্টি ও ঝড়ের প্রকোপ। শীতকালের নির্বাচনেও যে হারে নির্বাচনি পোস্টারে পলিথিন ব্যবহার হয়েছে তা সত্যিই খুব উদ্বেগের বিষয়। পোস্টার যাতে পানিতে ভিজে নষ্ট না হয়, মূলত এ কারণেই লেমিনেটেড পোস্টার তৈরি করা হচ্ছে। আগে পোস্টার টানানোর জন্য পাটের রশি ব্যবহার হলেও বর্তমানে ব্যবহার হচ্ছে প্লাস্টিকের রশি। পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহারের কারণে পরিবেশদূষণ তো বাড়ছেই, সঙ্গে সঙ্গে এই বর্জ্যের অব্যবস্থাপনায় ড্রেন জ্যাম হওয়া, জলাবদ্ধতা, ফসলি জমিতে পলিথিনের আধিক্য, উর্বরতা নষ্ট হওয়ার মতো বিষয়গুলো দিন দিন বেড়েই চলেছে। নির্বাচনি পোস্টার-ব্যানারে অপচনশীল উপাদান ব্যবহার বন্ধের ব্যাপারে নজর দিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।

সাঈদ চৌধুরী

শ্রীপুর, গাজীপুর