বরগুনায় দুই বাসের সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৩

বরগুনার আমতলীতে দুই বাসের ধাক্কাধাক্কিতে বাস থেকে পড়ে অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। শেরপুরের ঝিনাইগাতি ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক্টরের নিচে চাপা পড়ে দুই শিশু নিহত হয়েছে। রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেলের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। কুড়িগ্রামের রৌমারিতে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে এক নারী নিহত হন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিজ ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক নিহত হয়েছেন। চাঁদপুরের কচুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন দুই জন। গাজীপুরের কালিয়াকৈরে প্রাইভেট কারের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া ফরিদপুরের মধুখালী, চট্টগ্রামের মিরসরাই, ঝিনাইদহের শৈলকুপা এবং পাবনার সাঁথিয়ায় গাড়ির ধাক্কায় আরো চার জন নিহত হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

আমতলী (বরগুনা) :পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় রেহেনা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় রেহেনার শিশুকন্যা রিয়ামণি (৩), চাচিশাশুড়ি পিয়ারা বেগম (৬০), নাতনি খাদিজা আক্তার (৫) ও অপর যাত্রী নুরজাহান (৪০) গুরুতর আহত হন। নিহতের স্বামী আবজাল জানান, তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

গলাচিপা থেকে আসা নিশাত পরিবহনের একটি গাড়ি ক্ল্যাসিক গাড়িটিকে ধাক্কা দিলে ক্ল্যাসিক গাড়িতে থাকা রেহেনা বেগম নিচে পড়ে ঐ গাড়ির চাকার নিচেই পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পুলিশ ক্ল্যাসিক গাড়িটিকে আটক করতে পারলেও চালক ও তার সহকর্মী পালিয়ে যান। নিশাত পরিবহনের গাড়িটিও দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঝিনাইগাতী (শেরপুর) :শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মমিন আলী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলা সদর ইউনিয়নের দড়িকালিনগর গ্রামের ছাইদুল ইসলামের ছেলে মমিন।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) :শিবগঞ্জে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ইমাম আলি (৮) নামের এক শিশু নিহত হয়েছে। ইমাম আলি জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর মুন্সীটোলা গ্রামের এস্তাব আলির ছেলে। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে কৃষিকাজ শেষে ট্রাক্টর নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় ইমাম।

বালিয়াকান্দি (রাজবাড়ী) :উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা এলাকায় মোটরসাইকেলের চাপায় গতকাল তুরান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তুরান বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের আজিজ মিয়ার ছেলে।

রৌমারী (কুড়িগ্রাম) :অবৈধ ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে নুরজাহান বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। রবিবার বেলা আড়াইটার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ফলোয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) :গোমস্তাপুরে ট্রাক্টরের চাপায় সুমন আলী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সুমন ঐ ট্রক্টর চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উলটে গেলে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মরা যান সুমন। গতকাল উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বোগলা এলাকার মহানন্দা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

কচুয়া (চাঁদপুর) :কচুয়ায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান জয় (৩০) ও মহিন (২৮) নামের দুই বন্ধু লাশ হয়ে বাড়ি ফিরেছেন। গত সোমবার সন্ধ্যায় ঢাকা-কুমিল্লা মহাসড়কের ইলিয়টগঞ্জের পুলিশ ফাঁড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।

যশোর অফিস :যশোরের বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে যশোর-নড়াইল সড়কের উপজেলার দক্ষিণ শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার তেঘরী এলাকার মিজানুর রহমানের ছেলে ইয়াসিন (১৮) ও নড়াইল জেলার লোহাগড়ার লাহুড়ী এলাকার আনোয়ার হোসেনের ছেলে আলামিন (৩০)।

মধুখালী (ফরিদপুর) :মধুখালীতে নসিমনের ধাক্কায় ঢাকা-খুলনা মহাসড়কের মালেকা চক্ষু হাসপাতালের কাছে মো. লুত্ফর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মধুখালী উপজেলার লক্ষ্মণদিয়া গ্রামের সামসুল ফকিরের ছেলে।

ভ্রাম্যমাণ প্রতিনিধি :ঝিনাইদহের শৈলকুপায় বাসের ধাক্কায় আরিফ শেখ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি রানীনগর গ্রামে। গতকাল সকাল ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিরসরাই (চট্টগ্রাম) :মিরসরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় জুয়েল রায় (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত জুয়েল উপজলার সদর ইউনিয়নের মিঠাছড়া এলাকার প্রদীপ রায়ের ছেলে। গতকাল সকাল ৯টায় উপজেলার সোনাপাহাড় বিশ্বরোড নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

সাঁথিয়া (পাবনা) :সাঁথিয়া উপজেলার মাধপুর বাজারে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ভুলবাড়িয়া নতুনপাড়া গ্রামের মৃত মিলন মণ্ডলের ছেলে, তার নাম হাসান মণ্ডল (৭০)।

কালিয়াকৈর (গাজীপুর) :কালিয়াকৈরে প্রাইভেট কারের ধাক্কায় শিপলু মিয়া (৩৪) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পেশায় পোশাকশ্রমিক। গতকাল মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার খারাজোরা ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।