আজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট শুরু হচ্ছে চট্টগ্রামে

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৮

চট্টগ্রামে আজ বুধবার সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়। প্রথম টেস্টে শক্ত লড়াইয়ের আশ্বাস দিয়েছেন দুই অধিনায়কই। তবে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করার পর টেস্ট সিরিজ নিয়েও আত্মবিশ্বাসী স্বাগতিক অধিনায়ক মুমিনুল। চট্টগ্রামের ক্রিকেটপ্রেমীরাও নানা সমীকরণে ওডিআইর মতো টেস্ট সিরিজেও বাংলাদেশকে ফেবারিট ভাবছেন। করোনা মহামারির কারণে গত এক বছর ধরে বড় দৈর্ঘ্যের ক্রিকেটের বাইরে ছিল বাংলাদেশ। আর ক্রেইগ ব্র্যাথওয়েটের দল এই মহামারিকালেই খেলে ফেলেছে পাঁচটি টেস্ট। টেস্ট থেকে দীর্ঘদিনের বিচ্ছেদকে মুমিনুলের দলের জন্য বাড়তি চাপ হিসেবে দেখছেন কেউ কেউ। পাশাপাশি সাকিবের ইনজুরি নিয়েও শঙ্কা আছে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের ১৮ জনের স্কোয়াডে পাঁচ জন পেসার ও চার জন স্পিনার রাখা হয়েছে। কোচ রাসেল ডমিঙ্গো আভাস দিয়েছেন একাদশে চার জন স্পিনার জায়গা পেতে পারেন। তবে পেসার রাখা হতে পারে এক থেকে সর্বোচ্চ দু্ই জন। এক জন পেসার খেলানোর সিদ্ধান্ত হলে তিনি যে মোস্তাফিজুর রহমানই হবেন তা নির্দ্বিধায় বলা যায়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট প্রথম দুই দিন ব্যাটসম্যানদের অনুকূলে থাকবে। টপ অর্ডারে পাঁচ জন বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশও নিশ্চয়ই সেভাবেই তাদের পরিকল্পনা সাজাবে। এই টেস্টে বাংলাদেশের সমর্থকরা তাকিয়ে থাকবে তামিম, সাকিব, মুশফিকের ব্যাটের দিকে। এছাড়া ওপেনার সাইফ হাসান এবং নাজমুল হোসেন শান্তও চট্টগ্রামে স্মরণীয় ইনিংস খেলবেন বলে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে চমক দেখাতে পারেন জার্মেইন ব্ল্যাকউড, অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল। ইংল্যান্ডের বিরুদ্ধে সাউদাম্পটন টেস্টে ৯৫ রান পাওয়া ব্ল্যাকউড গত এক বছরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ টেস্ট রান করেছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মনে ত্রাস সৃষ্টি করতে পারেন ক্যারিবিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েল ও স্পিনার রাকিম কর্নওয়াল। শ্যানন গ্যাব্রিয়েল গত পাঁচটি টেস্টে ১৭টি উইকেট পেয়েছেন। 

প্রথম টেস্টে অলরাউন্ডার সাকিব আল হাসানের মাঠে নামা নিয়ে কিছুটা সংশয় থাকলেও টিম ম্যানেজমেন্ট তাকে খেলানোর ব্যাপারে আশাবাদী। চট্টগ্রামে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শেষ ওয়ানডে জয়ের ম্যাচে বোলিং করার সময় কুঁচকিতে চোট পান সাকিব। গত শনিবার অবশ্য তিনি অনুশীলনে ফিরেছেন। গত সোমবার অনুশীলন শেষে কোচ ডোমিঙ্গো সাকিব প্রসঙ্গে বলেছিলেন, আমরা আত্মবিশ্বাসী যে চট্টগ্রামে প্রথম টেস্টে সাকিবকে মাঠে নামাতে পারব। ফিরে আসতে তিনি কঠোর পরিশ্রম করেছেন। নেটে বল ও ব্যাট করে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। তার মধ্যে খুব বেশি অস্বস্তি দেখা যায়নি।

বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল এক বছর আগে গত বছরের ফেব্রুয়ারিতে। এই দীর্ঘ বিরতি বাংলাদেশের জন্য বড় কোনো ক্ষতির কারণ নয় বলেই মনে করেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স। দুই দেশের শক্তির মানদণ্ডে বাংলাদেশকেই এগিয়ে রেখেছেন তিনি। সিমন্স ইতিমধ্যে বলেছেন, দেশের মাটিতে যার বিপক্ষেই খেলা হোক না কেন বাংলাদেশ সব সময় একটু এগিয়ে থাকবে। দেশের মাটিতে ওরা খুব শক্তিশালী দল।