বরিশাল বিভাগীয় ডাকঘরের প্রধান কার্যালয় থেকে গ্রাহকের ফিক্সড ডিপোজিটের বই চুরি করে টাকা তোলার চেষ্টার ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ডাকঘর কর্তৃপক্ষ বই চোরকে আটক করে থানা পুলিশকে খবর দিলে কোতোয়ালী মডেল থানার এসআই রফিকুল ইসলাম এসে অভিযুক্তকে আটক করেন।
ভারপ্রাপ্ত পোস্টমাস্টার জয়নুল আবেদীন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঐ নারী চুরি করা বই দিয়ে টাকা উত্তোলন করার চেষ্টা করছিলেন। এই কাজে তার বোনের মেয়েকেও ব্যবহার করেন। কিন্তু টাকা তুলে নেওয়ার আগেই আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম জানান, বই চুরির অভিযোগে প্রকৃত বইয়ের মালিক বাদী হয়ে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।
মামলা সূত্রে জানা গেছে, ২৬ জানুয়ারি বরিশাল বিভাগীয় ডাকঘরের প্রধান কার্যালয় থেকে মদিনা আক্তার মিমের ফিক্সড ডিপোজিটের তিন লাখ টাকার বই (নম্বর এফডি-১৩২৬৯১) চুরি করে নিয়ে যান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বাসিন্দা ঝরণা বেগম। এদিকে ডাকঘর কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলায় ঐ দিন বই চুরির ঘটনা ঘটে বলে দাবি করেন মদিনা আক্তার। মঙ্গলবার চুরি যাওয়া বই নিয়ে টাকা তোলার চেষ্টা করেন ঝরণা বেগম (৩২) ও তার বোনের মেয়ে সোহাগী আক্তার শ্রাবনী। এসময় ডাকঘরের কর্মচারীরা ঝরণা বেগমকে আটক করে থানায় খবর দেন। থানা পুলিশ এসে আটক করে দু’জনকে নিয়ে যায়।
তবে ঝরণা বেগমের বোনের মেয়েকে চুরির কাজে ব্যবহার করলেও সে জানতো না আসলে তিনি কি করছেন। তার খালা তাকে বই জমা দিতে বলায় সে জমা দেয়। এ কারণে তাকে মামলার আসামি করা হয়নি বলে জানান মামলার বাদী মদিনা আক্তার মিম।
ইত্তেফাক/এএএম
