আসামি ধরতে গিয়ে গোলাগুলি, ২ এফবিআই এজেন্ট নিহত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০২:৪৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আসামি ধরতে গিয়ে গোলাগুলির ঘটনায় দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআইয়ের দুই এজেন্ট নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালের এই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। 

এফবিআই-এর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ৬টায় পাঁচজন কর্মকর্তার ওপর হামলা চালান হয়। তারা শিশু নির্যাতনের মামলায়  অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হন । 

গোলাগুলিতে সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিও নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাস্থলে প্রচুর গোলাগুলি হয়েছে। নিহত দুই এজেন্টের নাম প্রকাশ করেনি এফবিআই। আহত অপর এজেন্টের শারীরিক অবস্থা নিয়েও কিছু জানায়নি সংস্থাটি।

স্থানীয় পুলিশ কর্মকর্তা  ওটিশিয়া ব্রাউনিং-স্মিথ  বলেন, অভিযুক্ত ব্যক্তিও এ ঘটনায় নিহত হয়েছেন। কী পরিমাণ গুলি ছোড়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক বেশি।’

ইত্তেফাক/এআর