মির্জাপুরে ট্রাক চাপায় গৌরাঙ্গ সরকার (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দুমড়ে গেছে গৌরাঙ্গের মোটরসাইকেলটি। নিহতের স্বজনরা অভিযোগ করেছেন আইবিএল ইট ভাটার মালিক ও ট্রাক মালিক মো. ইব্রাহিমের নিকট পাওনা ৪ লাখ টাকা চাওয়াকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে ট্রাক চাপা দিয়ে তাকে হত্যা করার পর দুর্ঘটনার নাটক সাজানোর চেষ্টা করা হয়েছে। গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের দরানিপাড়া এলাকার নয়েজ বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই ইট ভাটার মালিকসহ ঘাতক ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।
মির্জাপুর থানা পুলিশ সূত্র জানায়, গৌরাঙ্গ সরকারের পিতার নাম গোপাল সরকার। গ্রামের বাড়ি সখীপুর উপজেলার বাইটকা পশ্চিমপাড়া গ্রামে। গৌরাঙ্গ সরকারের মেয়ে বৃষ্টি সরকার ও স্ত্রীসহ পরিবারের সদস্যরা অভিযোগ করেন গৌরাঙ্গ সরকার পেশায় ব্যবসায়ী ছিলেন। মির্জাপুরের পাথরঘাটা এলাকায় আইবিএল ইট ভাটার মালিক মো. ইব্রাহীম মিয়ার নিকট ব্যবসার জন্য ৪ লাখ টাকা পেতেন তিনি। ইব্রাহিমের কাছে পাওনা টাকা চাইলেই গৌরাঙ্গকে হুমকি-ধামকি দিতেন ইব্রাহীম ও তার লোকজন। পাওনা টাকার জন্য গতকাল সকালেও তিনি বাসা থেকে বের হন। সকাল ৬টার দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় নয়েজ বাজার এলাকায় ইব্রাহিমের ট্রাকটি গৌরাঙ্গের মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
গৌরাঙ্গের পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডকে দুর্ঘটনায় পরিণত করতেই ট্রাক চাপা দিয়ে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ঘটনার পর ইব্রাহীম মিয়া, ট্রাক চালক মো. মনির হোসেন ও হেলপার পালিয়ে যায়।
এ ব্যাপারে ইব্রাহীম মিয়ার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। মির্জাপুর থানার উপপরিদর্শক মো. নাসিরুজ্জামান নাসির বলেন, গৌরাঙ্গ সরকারের পরিবার অভিযোগ করছেন পাওনা টাকা চাওয়ায় ট্রাক চাপা দিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
