‘সামরিক অভ্যুত্থান অনিবার্য ছিলো’   

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৩

মিয়ানমারে অং সান সুচির সরকারকে উৎখাত করা এবং দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটানো অনিবার্য ছিলো । এমন মন্তব্য করেছেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং লাইং। মঙ্গলবার মিয়ানমার সেনাবাহিনীর ফেসবুক পেজে তিনি এই মন্তব্য করেন। 

এ প্রসঙ্গে মিয়ানমার সেনাপ্রধান মিন অং লাইং বলেন, দেশের জন্য এটা অনিবার্য ছিলো এবং এই জন্য আমাদের এভাবে এগোতে হয়েছে। 

 সোমবার ভোরে সেনাবাহিনী মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি, প্রেসিডেন্ট ইউ উইন মিন্টসহ ক্ষশতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি’র (এনএলডি) আরো কয়েকজন সিনিয়র নেতাকে আটক করে।

গত নভেম্বরের নির্বাচনে অং সান সুচির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে।

সোমবার নবনির্বাচিত সংসদের প্রথম বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় । বৈঠক শুরুর প্রাক্কালে তাদের গ্রেফতার করা হয়।

 এদিকে মিয়ানমারের সেনাবাহিনী নেতৃবৃন্দকে গ্রেফতারের পর এক বছরের জন্যে দেশটিতে জরুরি অবস্থা জারি এবং একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে।

সামরিক প্রধান ও অভ্যুত্থানের নেতা মিন উং লাইং দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন। সাবেক জেনারেল মিয়ন্ট সুই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইত্তেফাক/এআর