ঠিক এক বছর পর আবারও টেস্ট ক্রিকেট মাঠে গড়িয়েছে বাংলাদেশে। করোনা ভাইরাসের কারণে মাঝে বেশকিছু টেস্ট খেলা হয়নি। ঠিক আটটির মতো সিরিজ স্থগিত হয়েছে টাইগারদের। গত বছর ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের পর এই বছর ফেব্রুয়ারিতে আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছে ক্রিকেট দল।
ওয়েস্ট ইন্ডিজ এবার পাঠিয়েছে দ্বিতীয় সারির দল। করোনার কারণে প্রথম সারির অধিকাংশ ক্রিকেটারই আসেনি বাংলাদেশে। যার ফলশ্রুতিতে ওয়ানডে সিরিজে স্বাগতিকরা জিতেছে ৩-০ ব্যবধানে। এবার টেস্ট সিরিজ। যদিও ওয়ানডের চেয়ে টেস্ট সিরিজে ক্যারিবীয় দল তুলনামূলক শক্তিশালী।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। কিন্তু ব্যাট করতে নেমে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল সুযোগ কাজে লাগাতে পারেননি। সাদমান ইসলামকে নিয়ে মাত্র ২৩ রানের জুটি গড়ার পরই বিদায় নিয়েছেন লোকাল বয়। ১৫ বল খেলে মাত্র ৯ রান করে কেমার রোচের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
তৃতীয় নম্বরে আসেন নাজমুল হোসেন শান্ত। সাদমানের সঙ্গে তার জুটি ভালোই যাচ্ছিল। কিন্তু সে যাত্রা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৮ বলে ২৫ রান করে রান আউটের শিকার হয়েছেন শান্ত। সাদমানের ভুলে উইকেটটি বিলিয়ে আসতে হয়েছে শান্তকে।
লাঞ্চ ব্রেক পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ হয়েছে ২৯ ওভারে ৬৯ রান ২ উইকেটের বিনিময়ে। ক্রিজে আছেন সাদমান ইসলাম ৩৩ রান করে। তার সঙ্গে আছেন অধিনায়ক মমিনুল ২ রানে।
ইত্তেফাক/টিআর
