সুস্থ এখন সু চি: এনএলডি

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০৮

মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চির স্বাস্থ্যগত অবস্থা ভালো আছে বলে জানিয়েছে তার রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক লিগের (এনএলডি) এক সিনিয়র নেতা। গত সোমবার দেশটিতে এক সামরিক অভ্যুত্থানের পর সু চি এবং প্রেসিডেন্ট ‍উইন মিন্টসহ সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হয়।

সু চির সুস্থতার বিষয়টি নিশ্চিত করে এনএলডি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক কমিটির সদস্য কিয়াই টোয়ে জানান, অভ্যুত্থানে আটক হওয়া সু চি কোনো চলাফেরা করতে পারছেন না। তবে তার স্বাস্থ্যগত অবস্থা ভালো আছে বলে বলে জানা গেছে।

বর্তমানে তাকে রাজধানী নেইপিদোতে রাষ্ট্রীয় কাউন্সেলরের সরকারি বাসভবনে গৃহবন্দি করা হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এনলডি’র একজন আইনপ্রণেতা।

এনএলডি’র এই নেতা আরও জানিয়েছেন যে, অভ্যুত্থানের পর প্রথমবারের মতো সু চি’কে দেখা গেছে। সু চি’র প্রতিবেশীরাও তাকে দেখতে পেয়েছেন বলে জানান তিনি। তিনি বলেন, মঙ্গলবার সকালে বাড়ির সীমানা প্রাচীরের মধ্যে সু চিকে দেখা গেছে।

গত নভেম্বরের নির্বাচনে অং সান সুচির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে।

সোমবার নবনির্বাচিত সংসদের প্রথম বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় । বৈঠক শুরুর প্রাক্কালে তাদের গ্রেফতার করা হয়।

এখন সামরিক প্রধান ও অভ্যুত্থানের নেতা মিন উং লাইং দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন। সাবেক জেনারেল মিয়ন্ট সুই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইত্তেফাক/টিআর