উগান্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩২

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০৭

উগান্ডায় সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় কাসেসি জেলায় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। বুধবার দেশটিতে কাজ করা একটি মানবাধিকার সংস্থা এ খবর জানিয়েছে।

উগান্ডা রেড ক্রস সোসাইটির যোগাযোগ কর্মকর্তা আইরিন নাকাসিতা জানান, যাত্রীবাহী একটি ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। বাসে থাকা যাত্রীরা শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছিলেন।

তিনি আরও জানান, নির্মাণাধীন সড়কটি ছিল খুবই সংকীর্ণ। দুর্ঘটনার সময় অন্ধকার নেমে এসেছিল। দুর্ঘটনায় পড়া ট্রাক ও প্রাইভেটকারের সঙ্গে কাসেসি থেকে আরও দুটি লরি এসে যুক্ত হয়। এরপর বুন্দিবোগিয়ো থেকে আরও একটি গাড়ি যুক্ত হয়। মোট পাঁচটি গাড়ি দুর্ঘটনাস্থলে যুক্ত হয়ে পড়ে। এতে ৩২ জন নিহত এবং পাঁচজন আহত হয়।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রতি বছর প্রায় ২০ হাজার সড়ক দুর্ঘটনা ঘটে। এতে দুই হাজারেরও বেশি লোক প্রাণ হারায়।

ইত্তেফাক/জেডএইচডি