১৪০ রানে ৪ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ। চট্টগ্রাম যহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে টাইগাররা। বড় কোনো ঝুঁটি গড়তে ব্যর্থ হয়েছেন তারা।
চা বিরতির আগে বড় স্কোরের আভাস দিয়েও সাজঘরে ফিরেছেন সাদমান ইসলাম। এলবিডব্লিউয়ের ফাঁদে উইকেট দিয়েছেন তিনি। ক্রিজে আছেন সাকিব ও মুশফিক।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের সর্বশেষ টেস্টে কোনো স্পেশালিস্ট পেসার ছাড়াই মাঠে নেমেছিল বাংলাদেশ। এবার অন্তত একজন পেসার আছেন! সঙ্গে স্পিনার চারজন আছেন একাদশে। কাঙ্ক্ষিত টস জয়ও পক্ষে এসেছে স্বাগতিকদের। টস জিতে মুমিনুল হক বেছে নিয়েছেন ব্যাটিং।
এই ম্যাচে শঙ্কা কাটিয়ে খেলছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর স্ক্যান রিপোর্টেও খারাপ কিছু আসেনি। তিনদিন আগে থেকে অনুশীলনও শুরু করেছিলেন। তবে বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো জানান, শতভাগ ফিট নন এই অলরাউন্ডার। অবশ্য সব শঙ্কা দূর করে প্রথম টেস্টেই খেলছেন সাকিব।
বাংলাদেশ দলে অভিষিক্ত কেউ নেই। ওয়েস্ট ইন্ডিজ দলে অভিষিক্ত ক্রিকেটার তিনজন, শেন মোজলি, এনক্রুমা বনার ও কাইল মেয়ার্স। ২৬ বছর বয়সী মোজলি বাঁহাতি ব্যাটসম্যান, ৩২ বছর বয়সী বনার ব্যাটসম্যান ও লেগ স্পিনার, ২৮ বছর বয়সী মেয়ার্স বাঁহাতি ব্যাটসম্যান ও ডানহাতি পেসার।
ইত্তেফাক/টিআর
