বগুড়ায় মদপানে আরো ২ জনের মৃত্যু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০০

বগুড়ার বিষাক্ত মদপানে নতুন করে আরও ২ জনের মৃত্যু এবং ৩ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে বগুড়া জেলাতে বুধবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত মারা গেছেন মোট ১৭ জন। 

পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) ও মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বগুড়ার সারিয়াকান্দিতে নতুন করে বিষাক্ত মদ পানে নিজ বাড়িতে ২ জনের মৃত্যু এবং ৩ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী মধ্যপাড়ার চান মিয়ার ছেলে ইউসুফ আলী (৪০)। এছাড়াও একই ইউনিয়নের ফুলবাড়ী দক্ষিণপাড়ার ফজলু ফকিরের ছেলে নাজিরুল ইসলাম লাজু (৩৫)।

বিষাক্ত মদপানে নতুন করে অসুস্থরা হলেন, লাজুর বড় ভাই সফিকুল (৪০), ফুলবাড়ী মধ্যপাড়ার আফছার আলীর ছেলে রনজু মিয়া (৪০), ছইম উদ্দিনের ছেলে ফারুক (৩৫)।  

এ ব্যাপারে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুলবাড়ী এলাকায় মাদকের প্রবনতা বৃদ্ধি পাওয়ায় এমন দুঃখজনক মৃত্যুর ঘটনা ঘটেছে । এলাকায় মাদক নির্মূলে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। 

মদপানের বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, মৃত ব্যক্তিদের পরিবারের লোকজন মদ পানে মৃত্যুর কথা অস্বীকার করেছে ।
        
 
ইত্তেফাক/এনএ